প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন রাজবাড়ী জেলা আদালত।
বুধবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজবাড়ীর ২নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুধাংশু শেখর রায় এই আদেশ দেন।
এদিন রাজবাড়ী আদালতে তোলা হয় বিএনপি নেতা চাঁদকে। এ সময় আসামিপক্ষ জামিন ও রাষ্ট্রপক্ষ রিমান্ড আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আবু সাঈদ চাঁদের জামিন নামঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আদালতে হাজির করে জামিন আবেদন করা হয়। এ সময় বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৪ ও ২৫ মে দুপুরে রাজবাড়ী ২নং আমলি আদালতে মামলা দুটি করা হয়। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ সোহেল রানা টিপু ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দীন বিশ্বাস মামলা দুটি করেন।
মামলায় উল্লেখ করা হয়, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকির ফলে তার জীবনহানি ঘটার শঙ্কা রয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইচ্ছাকৃতভাবে এসব প্রচার করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মো. আনোয়ার হোসেন বলেন, আমরা সব তথ্যপ্রমাণ আদালতে উপস্থাপন করেছিলাম। সেই সঙ্গে আসামির রিমান্ডের আবেদন করেছিলাম। আদালত আসামির জামিন নামঞ্জুর করেছেন এবং পরে রিমান্ডের আদেশ দেবেন বলে জানিয়েছেন।