রাজধানীর কাওলা স্টাফ কোয়ার্টারে সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. নুরুজ্জামান হাওলাদার (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ( আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নুরুজ্জামান বরিশালের গৌরনদী উপজেলার হাজীপাড়া গ্রামের ইসমাইল হোসেন হাওলাদারের ছেলে। তিনি কাওলা স্টাফ কোয়ার্টারে থাকতেন।
নিহতের সহকর্মী জামাল হোসেন জানান, ‘নুরুজ্জামান সিভিল অ্যাভিয়েশনের প্রধান প্রকৌশলীর গাড়িচালক ছিলেন। সকালে আমরা দুজনেই গাড়িতে করে অফিসে যাচ্ছিলাম। এ সময় স্টাফ কোয়ার্টারের মোড়ে ঘোরাতে গেলে একটি কাভার্ডভ্যান আমাদের গাড়ির সামনে এলে নুরুজ্জামান ব্রেক চাপেন। পরে কাভার্ডভ্যানের চালক নেমে নুরুজ্জামানকে গালাগালি করে। এ সময় নুরুজ্জামান গাড়ি থেকে নেমে প্রতিবাদ করলে ওই ভ্যানচালক নুরুজ্জামানের ওপর দিয়ে গাড়ি উঠিয়ে দিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আল-আমিন/অমিয়/