বন্যাদুর্গতদের উদ্ধার ও তাৎক্ষণিক ত্রাণকার্য পরিচালনার জন্য আরও ২০ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলা ও পরবর্তী কার্যক্রমবিষয়ক জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় তিনি এ কথা জানান।
রবিবার (২৫ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা।
সভায় প্রধান উপদেষ্টা বন্যায় পানিবন্দি মানুষকে উদ্ধারে এবং জরুরি চিকিৎসা প্রদানসহ তাদের প্রয়োজনীয় সব সহায়তা প্রদানে সংশ্লিষ্ট সবাইকে জোর প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। দেশের সংকটকালে সবাইকে ঐক্যবদ্ধভাবে বানভাসি মানুষের দুর্দশা ও কষ্ট লাঘবে কাজ করতেও বলেন।
তিনি বরাদ্দকৃত টাকা ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার ও ত্রাণকার্যে সুষ্ঠু ও যথাযথভাবে ব্যবহার করারও নির্দেশ দেন। এ ছাড়া তিনি শিশুখাদ্য, পানি পরিশোধক ট্যাবলেট, খাবার স্যালাইনসহ জরুরি দ্রব্যাদি কেনার পরামর্শ দেন।
বন্যা উপদ্রুত এলাকায় সম্প্রতি বিচ্ছিন্ন টেলিযোগাযোগ ব্যবস্থা দ্রুত চালু করতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।
এখানে উল্লেখ্য যে, ইতোমধ্যে ২১টি টাওয়ার চালু করা হয়েছে। পানি কমতে শুরু করায় বন্যাজনিত ক্ষয়ক্ষতি আরও পরিষ্কার হতে শুরু করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের কষ্ট কমাতে সবার সহযোগিতা কামনা করেন।