যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
সোমবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় টেলিফোনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার সময় এ প্রতিশ্রুতি দেন নিরাপত্তা উপদেষ্টা।
এ সময় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন তিনি।
জ্যাক সুলিভান বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার, রাজনীতি, নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগের জন্য অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেন।
এছাড়া অন্তর্বর্তী সরকার সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করায় বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি।
ফোনালাপে তারা বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে উত্তরাধিকারসূত্রে পাওয়া সমস্যা কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্রের উদার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশের এই চ্যালেঞ্জিং সময়ে গুরুত্বপূর্ণ সমর্থনের জন্য প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান।
সুলিভান একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেন।
এ সময় ড. মুহাম্মদ ইউনূস সুলিভানকে বলেন, ‘আগামী জানুয়ারির মধ্যে ছয়টি প্রধান সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার প্রত্যাশা করছি। এরপর সংস্কার ও নির্বাচনের জন্য জাতিকে প্রস্তুত করতে ঐকমত্য প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হবে।’ সূত্র- বাসস
সুমন/অমিয়/