অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো সব পরিস্থিতিতে বিজয়ী হওয়া। দেশকে রক্ষা করা। তাই আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনাসদস্যদের প্রস্তুত থাকতে হবে।
রবিবার (৫ জানুয়ারি) দুপুরে রাজবাড়ীর চরখাপুড়া ও চররামনগরের সামরিক প্রশিক্ষণ এলাকায় শীতকালীন ম্যানুভার অনুশীলন পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
এ সময় তিনি সেনাসদস্যদের উদ্দেশে বলেন, ‘সেনাবাহিনীকে পূর্ণ সাহস ও প্রস্তুতি নিয়ে যেকোনো মুহূর্তে, যেকোনো অবস্থায় প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়। বলা যাবে না- এখন বর্ষার দিন, এখন আর পারব না কিংবা এখন বেশি গরম, এটা পারা যাবে না, এসব বলার উপায় নেই। সেটারই একটা মহড়া হলো। ভবিষ্যতে বাস্তব যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য এটা একটা প্রস্তুতি।’
বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুশীলন প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা সেখানে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সেনাবাহিনীর যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘একজন শান্তিকামী মানুষ হিসেবে যুদ্ধের চেয়ে শান্তির মহড়া দেখতে আমি বেশি আনন্দবোধ করি। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে প্রস্তুতির লক্ষ্যে সামরিক বাহিনীর এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রদর্শিত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়। এই মহড়া দেখে আমি সেনাবাহিনী ও বিমানবাহিনীর সক্ষমতা সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হয়েছি।’
এর আগে দুপুর ১২টা ৪০ মিনিটে হেলিকপ্টারযোগে প্রধান উপদেষ্টা রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় অবতরণ করেন। পরে ঘণ্টাব্যাপী ম্যানুভার অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত সেনাবাহিনীর সদস্যরা বাস্তবসম্মত যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন। অনুশীলনে সেনাবাহিনীর বিভিন্ন প্রকারের অত্যাধুনিক ট্যাংক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডোসহ সব আর্মস এবং সার্ভিসেস অংশ নেয়। পাশাপাশি ওই মহড়ায় অংশ নেয় বিমানবাহিনীর যুদ্ধবিমান, আর্মি এভিয়েশনের বিমান এবং হেলিকপ্টার।