দুর্নীতি প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠান থেকে দুর্নীতিবাজদের সরাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটি।
শনিবার (১ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এই কমিটির নেতারা বলেন, সততা ও নৈতিকতার চর্চা ছাড়া রাষ্ট্র ও প্রশাসনে সৎ মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব নয়। আর সৎ মানুষের নেতৃত্ব ছাড়া দুর্নীতি প্রতিরোধও সম্ভব নয়। এ জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমলাদের নিয়ন্ত্রণে সরকার ও রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ প্রয়াস জরুরি।
সভায় দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকেও দুর্নীতি নির্মূলের আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় ঐক্য সঠিকভাবে ধরে রাখতে না পারলে গণতন্ত্র পুনরায় হুমকির মুখে পড়বে। এ জন্য দুর্নীতি প্রতিরোধের যুদ্ধে সমাজের সর্বস্তরের সৎ, সাহসী ও নির্মোহ মানুষকে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনায় জাতিসংঘের সাবেক বিচারক ও দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. শাজাহান সাজু বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে করা হাজার হাজার মামলা পুলিশ প্রশাসনকে দুর্নীতির সুযোগ করে দিচ্ছে। এ জন্য রাজনৈতিক উদ্দেশ্যে বা মিথ্যা তথ্যে মামলা করা ব্যক্তিদের শাস্তির আওতায় আনার পরামর্শ তার।
এ ছাড়া আলোচনা সভায় কমিটির সদস্য ও এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান কাইয়ুম রেজা চৌধুরী, লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সোহরাওয়ার্দী বীর বিক্রম, কর্নেল (অব.) প্রকৌশলী আনোয়ার হোসেন, অধ্যাপক সৈয়দ মো. শামসুদ্দিন, অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া ও মো. রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
এলিস/সুমন/