ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে প্রায় আড়াই কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মুখপাত্র ও মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
তিনি জানান, অভিযোগের ভিত্তিতে ডিজিএফআইয়ের সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল সাইফুল আলমের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সহায়তায় দুদক কর্মকর্তারা সাইফুল আলমের ক্যান্টনমেন্টের বাসায় গত ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালান। এতে দুটি বড় ট্রাংকে রাখা নগদ ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে আলামতসহ উদ্ধার করা ওই সব টাকা আদালতে উপস্থাপন করে দুদক।
সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লে. জেনারেল সাইফুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ আসে দুদকে। দুদকের গোয়েন্দা সেল গোপন অনুসন্ধান করে তার নামে অবৈধ সম্পদের প্রয়োজনীয় তথ্য পেয়েছে।
গত বছরের ১১ সেপ্টেম্বর ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।