৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নিয়েছেন একদল চাকরিপ্রার্থী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে তারা সেখানে অবস্থান নেন।
এক চাকরিপ্রার্থী বলেন, ‘পিএসসির চেয়ারম্যান স্যার পরীক্ষা পেছানোর জন্য তিন দিন সময় চেয়েছিলেন। আজ দুদিন পার হলো। আগামীকাল শুক্রবার। তাই আজকের মধ্যেই আমরা সিদ্ধান্ত চাই। এ জন্য অবস্থান নিয়েছি।’
এ ব্যাপারে চাকরিপ্রার্থীদের কথা শুনবেন বলে জানান সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।
তিনি বলেন, ‘আমরা চাকরিপ্রার্থীদের সমস্যাগুলো বিচার বিশ্লেষণ করছি।’
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, দুপুর থেকে একদল লোক নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছেন। তারা সেখানে বক্তব্য দিচ্ছেন। তারা আজ পিএসসি ঘেরাও করেনি। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কাছেই সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কার্যালয়।
এর আগে ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নির্ধারণ করেছে বিপিএসসি।
মঙ্গলবার (৮ এপ্রিল) ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসির সামনে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা।
সুমন/