যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে ফিরে এসে দুর্নীতির অভিযোগে আদালতে হাজির হয়ে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ নিয়ে আলোচনার জন্য টিউলিপের বৈঠকের অনুরোধও তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম আইটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, যেকোনো ধরনের দুর্নীতির অভিযোগ রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয়, আইনানুগভাবে মোকাবিলা করা উচিত।
তিনি বলেন, ‘যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তার আদালতে উপস্থিত হওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলিনি। আমি এটিকে একটি আইনি প্রক্রিয়া হিসেবে নিয়েছি এবং এটি আইনিভাবেই হওয়া উচিত। এখানে আমার জড়িত হওয়া উচিত নয়।’
প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের আগে তাকে পাঠানো এক চিঠিতে টিউলিপ তার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন, যাতে তিনি (ড. ইউনূস) ঢাকার দুদকের দ্বারা সৃষ্ট ভুল-বোঝাবুঝি দূর করতে সহায়তা করতে পারেন।
তবে ড. ইউনূস সেই অনুরোধে সাড়া না দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন টিউলিপ।
এক বিবৃতিতে তিনি বলেন, তিনি সাক্ষাতে অনীহা দেখিয়ে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ভুল তথ্য প্রচারের পথে অনাকাঙ্ক্ষিতভাবে ইন্ধন জুগিয়েছেন।