নিজের ও পরিবারের সম্পদ বিবরণীর তথ্য চেয়ে সিলেটে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বসার দরজায় নোটিশ সাঁটিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ।
এতে আগামী ২১ দিনের মধ্যে আনোয়ারুজ্জামান ও তার পরিবারের সদস্যদের সম্পদের পূর্ণ বিবরণ দুদক কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দুদকের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসা ৩ সদস্যের একটি দল সিলেট নগরীর পাঠানটুলায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসার দরজায় এ নোটিশ টানিয়ে দেয়।
দুদকের পরিচালক (মানিলন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত নোটিশটি টানানো হয়। সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান।
নোটিশে বলা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদকের বিশ্বাস যে আনোয়ারুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও নির্ভরশীলরা স্বনামে বা বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তাই দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ধারা ২৬ এর উপধারা (১) অনুযায়ী তাদের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেয়া হলো।
২১ কার্যদিবসের মধ্যে বিস্তারিত বিবরণী জমা না দিলে অথবা মিথ্যা তথ্য দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ রয়েছে।
আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর তিনি পালিয়ে যুক্তরাজ্যে চলে যান। পলাতক অবস্থায় অন্তবর্তী সরকারের আদেশে তিনি মেয়র পদ থেকে বরখাস্ত হন। আনোয়ারুজ্জামান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
এসএন/