সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিটমেন্টের সোনালি ফসল আজকের এই পদ্মা সেতু। তার সাহস ও দূরদর্শিতা আমাদের বিশাল সম্পদ। সংকটেও তিনি অকুতোভয়ে এগিয়ে যান। শুক্রবার (৫ জুলাই) বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘‘বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন না করতে চাইলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব টাকায় পদ্মা সেতু করার ঘোষণা দেন। ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর পদ্মা সেতুতে প্রথম স্প্যান বসানোর সময় তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছিলেন। প্রথম স্প্যান বসাতে তার জন্য অপেক্ষা করতে চাইলে তিনি সেদিন বলেছিলেন, ‘আমার জন্য পদ্মা সেতুর কাজ এক মিনিটের জন্যও বন্ধ থাকবে না।’ প্রবল স্রোতে পদ্মার ভাঙনের সময়ও ভাঙন প্রতিরোধে দূরদর্শী পদক্ষেপ নিয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।”
ওবায়দুল কাদের বলেন, “পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা পদ্মা সেতু’ করতে চেয়েছিলাম, সংসদেও দাবি উঠেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘আমি কোনোভাবেই আমার নাম ব্যবহার করব না। সেতুর নাম পদ্মা নদীর নামেই হবে।’ পদ্মা সেতুর সঙ্গে শেখ হাসিনা নাম মিশে গেছে। যতদিন পদ্মা সেতু আছে, ততদিন শেখ হাসিনার নামও উচ্চারিত হবে স্বগৌরবে।”