বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী গোলাম নাফিজের পরিবারের সঙ্গে দেখা এবং আর্থিক অনুদান দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেটে নাফিজের বাসায় এই অনুদান দেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় তিনি বলেন,'ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার শিশু-কিশোর,তরুণ কাউকে রেহাই দেয়নি। ক্ষমতায় থাকতে নিরপরাধ কাউকে ছাড় দেয়নি। আগামী দিনের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। আওয়ামী লীগ বরাবর মানুষের গলা টিপে ধরে। এক পরিবারের রাজত্ব কায়েম করেছিল।পাঠ্যবই থেকে শুরু করে সবখানে শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরে অন্য সবার অবদানকে অস্বীকার করা হয়েছে। যেনো তেনো ভাবে টিকে থাকতে সবরকম কাজ করেছে আওয়ামী লীগ সরকার।বেনজির,হারুনদের মতো লোক তৈরি করে গুলি করে হত্যা করেছে।'
তিনি আরও বলেন,নাফিজরা বাংলাদেশকে মুক্ত বাতাস উপহার দিয়ে গেছে। নাফিজরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছে।নাফিজদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নাফিজ, মুগ্ধ আবু সাইদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে। তারেক রহমান সবার পাশে আছেন এবং থাকবেন।
এ সময় ‘আমরা বিএনপি পরিবারের' সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন) এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
তখন হত্যাকারীদের বিচার এবং নাফিজের মারা যাওয়ার স্থানকে নাফিজ চত্ত্বর ঘোষণার দাবি জানান নাফিজের মা।
শফিকুল ইসলাম/মেহেদী/এমএ/