পরিবার মানুষের প্রথম বিদ্যালয়, আশ্রয় এবং ভালোবাসার জায়গা। ইসলাম পরিবারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আল্লহতায়ালা এরশাদ করেছেন, হে মানবজাতি! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন, আর তাদের উভয়ের মাধ্যমে বহু নর-নারী ছড়িয়ে দিয়েছেন। (সুরা নিসা, ১)। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়—পরিবার মানবসমাজের মূল ভিত্তি।
আল্লাহতায়ালা আরও এরশাদ করেছেন, তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রীদের, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। (সুরা রুম, ২১)। অর্থাৎ পরিবার শুধু দায়িত্বের সম্পর্ক নয়; এটি ভালোবাসা, মমতা ও শান্তির বন্ধন।
রাসুলুল্লাহ (সা.) পারিবারিক সম্পর্ক রক্ষার ব্যাপারে উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। (বুখারি, ৬১৩৮; মুসলিম, ৪৭)। অন্য হাদিসে তিনি বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে তার পরিবারের কাছে উত্তম। (তিরমিজি, ৩৮৯৫)। এসব বাণী প্রমাণ করে—পরিবারের সঙ্গে উত্তম আচরণ ঈমানেরই অংশ।
রমজান এমন এক মাস, যখন পরিবার সদস্যরা একসঙ্গে ইবাদত, ত্যাগ ও আত্মশুদ্ধির চর্চা করে। রোজা শুধু ব্যক্তিগত সাধনা নয়; এটি পারিবারিক বন্ধন শক্ত করারও একটি মাধ্যম। রমজানের রোজা যেভাবে পারিবারিক বন্ধন অটুট রাখতে ভূমিকা রাখে, তা তুলে ধরা হলো—
১. একসঙ্গে সাহরি ও ইফতার: সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করে: রমজানে পরিবারের সবাই একসঙ্গে সাহরি খায়, একসঙ্গে ইফতার করে। প্রতিদিনের এই মিলনমেলা পারিবারিক আলাপ-আলোচনা ও হৃদ্যতা বাড়ায়। দিনের ক্লান্তি ভুলে সবাই যখন এক টেবিলে বসে আল্লাহর শুকরিয়া আদায় করে, তখন হৃদয়ের দূরত্ব কমে যায়।
২. একসঙ্গে নামাজ ও তারাবি আদায়: পরিবারের সদস্যরা যখন একসঙ্গে ফরজ নামাজ ও তারাবি আদায় করে, তখন আধ্যাত্মিক ঐক্য তৈরি হয়। কোরআন তিলাওয়াত, দোয়া ও জিকির পরিবারের পরিবেশকে পবিত্র করে। এতে পরস্পরের প্রতি সহানুভূতি ও সম্মান বৃদ্ধি পায়।
৩. আত্মসংযম পরিবারে দূরত্ব কমায়: রোজা মানুষকে রাগ নিয়ন্ত্রণ করতে শেখায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন তোমাদের কেউ রোজাদার থাকে, সে যেন অশ্লীল কথা না বলে এবং ঝগড়া না করে; কেউ যদি তার সঙ্গে ঝগড়া করে, সে যেন বলে—আমি রোজাদার। (বুখারি, ১৮৯৪; মুসলিম, ১১৫১) এই শিক্ষাটি পরিবারে অত্যন্ত কার্যকর। স্বামী-স্ত্রীর মতবিরোধ, ভাইবোনের ঝগড়া, বাবা-মায়ের রাগ—এসব অনেক সময় সামান্য বিষয় থেকে বড় হয়ে যায়। কিন্তু রোজা আত্মনিয়ন্ত্রণ শেখায়। ফলে আবেগের পরিবর্তে বিবেক কাজ করে, আর পরিবারে ঝগড়া কমে।
৪. পারস্পরিক সহযোগিতার মানসিকতায় বাড়ে ভালোবাসা: ইফতার প্রস্তুত করা, ঘর গুছানো, ইবাদতের সময় তৈরি করা—এসব কাজে পরিবারের সবাই অংশ নিলে পারস্পরিক সহযোগিতা বাড়ে। এতে দায়িত্ববোধ ও দলগত চেতনা তৈরি হয়।
হজরত আয়শা (রা.)-কে জিজ্ঞেস করা হয়েছিল—রাসুলুল্লাহ (সা.) ঘরে কী করতেন? তিনি বলেন, তিনি পরিবারের কাজ করতেন আর যখন নামাজের সময় হতো, তখন নামাজে চলে যেতেন। (বুখারি, ৬৭৬) । তিনি আরও বলেছেন, মুমিনদের মধ্যে সেই ব্যক্তি পূর্ণ ঈমানদার, যার চরিত্র উত্তম; আর তোমাদের মধ্যে উত্তম হলো সে, যে তার স্ত্রীর কাছে উত্তম। (তিরমিজি, ১১৬২)
৫. সন্তানদের চরিত্র গঠনে যৌথ ভূমিকা: রমজানে সন্তানরা দেখে—বাবা-মা নিয়মিত নামাজ পড়ছেন, কোরআন তিলাওয়াত করছেন, মিথ্যা বা খারাপ কথা এড়িয়ে চলছেন। এটি তাদের জন্য বাস্তব শিক্ষা। মনোবিজ্ঞানে বলা হয়, শিশুরা ‘মডেলিং’ পদ্ধতিতে শেখেw—অর্থাৎ দেখে দেখে শেখে (Albert Bandura, Social Learning Theory)। রমজান পরিবারকে একটি যৌথ নৈতিক প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করে। এতে ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র মজবুত হয় এবং পারিবারিক ঐতিহ্য টিকে থাকে।
পারিবারিক বন্ধন টিকিয়ে রাখা শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি ইবাদতও। রমজান আমাদের শেখায়—ত্যাগ, ধৈর্য, সহমর্মিতা ও ভালোবাসার মাধ্যমে পরিবারকে কীভাবে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো যায়। রোজা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে, আর সেই পরিশুদ্ধ হৃদয় দিয়েই আমরা পরিবারকে আগলে রাখি। যদি আমরা রমজানের শিক্ষা সারা বছর ধরে রাখতে পারি, তাহলে আমাদের পরিবার হবে শান্তির নীড়, ভালোবাসার আশ্রয় এবং জান্নাতের পথচলার প্রথম ধাপ।
বি.দ্র. রমজানের রোজা ইসলামের ফরজ বিধান। আল্লাহতায়ালার হুকুম ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত হিসেবে রোজা রাখতে হবে। জাগতিক কোনো উদ্দেশ্য বা উপকারিতার নিয়তে রোজা রাখলে তা সহিহ হবে না। তবে আল্লাহতায়ালার হুকুম ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত হিসেবে রোজা রাখলে অতিরিক্ত হিসেবে বিভিন্ন উপকারিতা অর্জন হবে, ইনশা আল্লাহ।
লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক