বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে শুরুতেই ধাক্কা খেলেও দ্রুত ঘুরে দাঁড়িয়েছে ইকুয়েডর। ম্যাচের দ্বিতীয় মিনিটে পিছিয়ে পড়ার পর সাত মিনিটের মধ্যেই গোল শোধ করে জার্মানির বিপক্ষে সমতায় ফেরে দক্ষিণ আমেরিকার দলটি। শেষ পর্যন্ত ১-১ সমতায় থেকেই প্রথমার্ধ শেষ করেছে দুই দল।
বৃহস্পতিবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ২টায়।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় জার্মানি। তারই ফল পেয়ে যায় তারা মাত্র দুই মিনিটে। মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজের চমৎকার পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে ইকুয়েডরের জালে বল জড়ান লিরয় সানে। তাতে দ্রুতই ১-০ ব্যবধানে এগিয়ে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে গোলটি নিয়ে আপত্তি ছিল ইকুয়েডর শিবিরের। তাদের অভিযোগ, আক্রমণ গড়ে ওঠার আগে আলেকজান্ডার পাভলোভিচ পেদ্রো ভিতেকে ফাউল করেছিলেন। কিন্তু রেফারি গোলের সিদ্ধান্ত বহাল রাখেন।
পিছিয়ে পড়ার হতাশা বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি ইকুয়েডর। নবম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত এক শটে সমতা ফেরান নিলসন আনহুলো। তার জোরালো প্রচেষ্টা ঠেকাতে ব্যর্থ হন জার্মান অধিনায়ক ও গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ফলে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ১-১।
শুরুর দিকে দুই দলের পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচ জমে উঠলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খেলার গতি কিছুটা কমে আসে। এরপর আর কোনো দল গোলের দেখা না পাওয়ায় সমতায় থেকেই বিরতিতে যায় দুই পক্ষ।
নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে ইকুয়েডরের জন্য এই ম্যাচে জয় পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি শেষ ৩২-এ ওঠার আশা বাঁচিয়ে রাখতে আইভরি কোস্টের বিপক্ষে কুরাসাওয়ের অনুকূল ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে ইকুয়েডরকে।
সালমান/