কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ডিজাইনে (নকশা) প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি সাবেক সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ড. হাছান মাহমুদ বলেন, ‘আমি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, ইতোমধ্যে প্রধানমন্ত্রী এই ডিজাইনে সম্মতি দিয়েছেন। এটি একনেকে গিয়ে অ্যাপ্রুভ হলে কাজ শুরু হবে ইনশাআল্লাহ। প্রয়াত মোছলেম উদ্দিন আহমেদ ও মাইনুদ্দিন খান বাদল কর্ণফুলী সেতুর জন্য অনেক দৌড়াদৌড়ি করেছেন। আমিও তাদের এ কাজে সব সময় সহযোগিতা করেছি। সেতু মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আমি বেশ কয়েক দফা কথা বলেছি। একটু অপেক্ষা করুন, এটি হয়ে যাবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এবার নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল। প্রথমে ষড়যন্ত্র ছিল নির্বাচন যাতে না হয়, সেটিতে ব্যর্থ হয়ে পরের ষড়যন্ত্র ছিল নির্বাচনের মধ্যে নাশকতা সৃষ্টি করে প্রতিবন্ধকতা তৈরি করা। সেটি যখন করতে পারেনি তারপর পরিকল্পনা ছিল নির্বাচন যাতে দেশে-বিদেশে গ্রহণযোগ্য না হয়। অথচ এই পর্যন্ত ৭০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীর কাছে, বাংলাদেশ সরকারের সঙ্গে তারা কাজ করতে চায়। তার কদিন পর ঋষি সুনাকও চিঠি দিয়েছেন অভিনন্দন জানিয়ে। জাতিসংঘের মহাসচিবও চিঠি লিখে অভিনন্দন জানিয়েছেন। ইউরোপিয়ান কমিশনের সবাই অভিনন্দন জানিয়েছেন। এত অভিনন্দন বার্তা এর আগে কখনো আসেনি।’
প্রয়াত মোছলেম উদ্দিন আহমেদ একজন কর্মী থেকে নেতা হয়ে ওঠা মানুষ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘মিছিলের পেছনের সারির কর্মী থেকে তিনি নেতৃত্বের আসনে আসীন হয়েছিলেন। একজন কর্মী কীভাবে নেতা হতে পারেন, সেটির উদাহরণ তিনি। মোছলেম উদ্দিন মুক্তিযুদ্ধের সময় যেই সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা নতুন প্রজন্মের অনেকেই জানেন না। সব প্রতিকূলতাকে উপড়ে ফেলে মোছলেম উদ্দিনের মতো যারা জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ডকে এগিয়ে নিয়ে গেছেন, আজকে ধীরে ধীরে তাদের অনেকে প্রয়াত হয়েছেন।’
বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজার সঞ্চালনায় স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মো. আবদুস ছালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ ও তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজন।


