লক্ষ্মীপুরে বিয়েবাড়িতে পানি নিয়ে সংঘর্ষে বর-কনেসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের কাঞ্চনি বাজার এলাকার মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। সদর মডেল থানার উপ-পরিদর্শক আবদুল হান্নান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, কাঞ্চনি বাজার এলাকার মাঝি বাড়ির হুমায়ুন কবিরের মেয়ে রুমা আক্তারের সঙ্গে একই ইউনিয়নের চর রুহিতা গ্রামের হাওলাদার বাড়ির দিন মোহাম্মদের ছেলের সঙ্গে দুই বছর আগে বিয়ে হয়। তবে সেই সময় অনুষ্ঠান না হওয়ায় মেয়ে বাবার বাড়িতেই থাকেন। গতকাল বরযাত্রীরা বউ আনতে কনের বাড়িতে যান। ১৩০ জন বরযাত্রী যাওয়ার কথা থাকলেও কনেপক্ষের দাবি, আরও বেশি মানুষ গেছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এক পর্যায়ে বরের দুলাভাই নাসির পানি চাইলে সেটি দিতে দেরি হওয়ায় বরপক্ষের লোকজন চেয়ার টেবিল ভাঙচুর করে। এ নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বর কামাল হোসেন, কনে রুমা আক্তার, বরের ভগ্নিপতি জহির হোসেন, কনের নানা আনায়ারুল্লাহ, মামা খোরশেদ, মামা স্বপন, প্রতিবেশী রাসেল, ইমন, বরের আত্মীয় রাসেল ও পারভীনসহ দুই পক্ষের ১০ জন আহত হন। এদের মধ্যে রাসেল, জহির, পারভীনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
কনের মামাতো ভাই হারুনুর রশিদ জানান, বরযাত্রীর মানুষ বেশি হওয়ায় মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে।
খবর পেয়ে সদর মডেল থানার উপ-পরিদর্শক আবদুল হান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠান।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা বিয়ে বাড়িতে গিয়েছি। বর ও কনের বাবাসহ উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। উভয় পক্ষ স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসা করবেন বলে জানিয়েছেন।’


