ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর সভায় ভূরিভোজের আয়োজন করা হয়। এমন খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিরিয়ানি জব্দ করেন ম্যাজিস্ট্রেট। পরে জব্দ করা বিরিয়ানি মাদরাসায় বিতরণ করা হয়।
সোমবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার সড়কবাজার এলাকায় চেয়ারম্যান প্রার্থী মো. মুরাদ হোসেনের সমর্থনে আয়োজিত সভায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম রাহাতুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে রেলওয়ে স্টেশন এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. মুরাদ হোসেন ভূঁইয়ার সমর্থনে সভার আয়োজন করে জাতীয় রিকশা ও ভ্যান শ্রমিক লীগ এবং হকার্স লীগ। সভা শেষে সমর্থকদের জন্য কয়েক ডেকচি বিরিয়ানি রান্না করে রাখা হয়। এমন খবর পেয়ে সেখানে উপস্থিত হয় ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে দুই ডেকচি বিরিয়ানি জব্দ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খবরের কাগজকে বলেন, ‘আচরণবিধি ভঙ্গের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখান থেকে দুই ডেকচি বিরিয়ানি জব্দ করে স্থানীয় একটি মাদরাসায় দেওয়া হয়েছে।’
জুটন বনিক/ইসরাত চৈতী/অমিয়/