কক্সবাজারে চিংড়ি ঘের থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ মে) বেলা ১১টার দিকে খুরুশকুল মনুপাড়া আশ্রয়ণ প্রকল্পের পাশে এ মরদেহ দুটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
নিহতরা হলেন- খুরুশকুল মনুপাড়া এলাকার বাসিন্দা জামালের ছেলে আবদুল খালেক ও একই এলাকার আবু তাহেরের ছেলে মো. ইয়াছিন। তারা দুইজনই পেশায় মৎস্যজীবী।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের গায়ে মারধরের এবং বৈদ্যুতিক শর্টের আঘাত রয়েছে। কে বা কারা তাদের মেরে ফেলে রেখেছে সেই বিষয়ে এখনো কেউ কিছু বলছে না।
খুরুশকুলের চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী জানান, গ্রামপুলিশের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তারা দুইজন মনুপাড়া এলাকার বাসিন্দা।
নিহত ইয়াছিন আরাফাতের মা জানান, তার ছেলে গতকাল রাত ১০টার সময় বাড়ি থেকে বের হয়। আজ সকালে তার মরদেহ পাওয়া গেছে। তবে কে বা কারা তাদের হত্যা করেছে সে বিষয়ে কিছুই জানেন না। হত্যাকারীদের চিহ্নিত করে বিচার দাবি করেন তিনি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাইসার হামিদ খবরের কাগজকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের বৈদ্যুতিক শক দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। তাদের শরীরে একাধিক চিহ্নও রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের পর হত্যার মূল কারণ জানা যাবে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’
মুহিব/ইসরাত চৈতী/