চট্টগ্রাম নগরে নিম্নমানের পণ্যের ওপর নামিদামি ব্র্যান্ডের স্টিকার লাগানো ও পণ্যের দামে কারচুপি করায় দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২১ মে) নগরের জিইসি ও ২নং গেট কর্ণফুলী কমপ্লেক্সে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেবনাথ।
জানা গেছে, কর্ণফুলী কমপ্লেক্সের ৪নং গলির একটি দোকানে হিরো ক্রিম (দুগ্ধ জাতীয় খাবার পণ্য) নামে একটি নিম্নমানের পণ্যের গায়ে ডানো ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বিক্রি করে আসছিল অনেক দিন ধরে। তাই প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে কর্ণফুলী কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতি সভাপতি ইয়াকুব চৌধুরী বলেন, ‘এক কোম্পানির পণ্য অন্য কোম্পানির বলে বিক্রি করা বড় অপরাধ। তবে পণ্যের ওপর স্টিকারগুলো এই মার্কেটের দোকানদাররা লাগায় না। লাগানো অবস্থায় আমাদের দোকানদাররা আনেন। পরবর্তীতে দেখেশুনে পণ্যগুলো কিনতে হবে।’
অপরদিকে পণ্যের গায়ে লেখা কম মূল্যের ওপর অধিক মূল্যে লেভেল লাগিয়ে বেশি দামে বিক্রির অভিযোগে নগরীর জিইসি এলাকার কামাল জেনারেল স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, মূলত ঈদুল আজাহাকে সামনে রেখে নিত্যপণ্যের বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা অনিয়ম পেলে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
তারেক মাহমুদ/জোবাইদা/অমিয়/