জীবন বাঁচাতে মায়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ১৩ সদস্য। তারা নাফ নদী পেরিয়ে টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে আত্মসমর্পণ করেন।
বুধবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে প্রেস ব্রিফিংয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সকালে টেকনাফের সদর ইউনিয়নের নাজিরপাড়া ও নয়াপাড়া সীমান্ত এলাকা দিয়ে বিজিপির সদস্যরা এসে আশ্রয় নেন। মায়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।’
মহিউদ্দিন আহমেদ বলেন, ‘অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। এ নিয়ে ১২৩ জন বিজিপির সদস্য আমাদের হেফাজতে আছেন। শিগগিরই তাদের মায়ানমার ফেরত পাঠানো হবে।’
উল্লেখ্য, গত বুধবার রাখাইনে চলমান সহিংসতার মুখে পালিয়ে আসার সময় নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় গত তিন দিনে নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে নারী-পুরুষ ও শিশুসহ ৪৪ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।