কক্সবাজারের উখিয়ায় ভয়াবহ পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমান খান।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় উপজেলার কুতুপালং শরনার্থী ক্যাম্প-৫ এর খাদিজাতুল কুবরা ও হেফজখানা মহিলা মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় তারা দুর্ঘটনাস্থল, ক্ষয়ক্ষতি, উদ্ধার কার্যক্রম এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে অবহিত হন এবং ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে সচিব নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি ত্রাণ সহায়তা, দ্রুত পুনর্বাসন এবং ভবিষ্যতে ভূমিধসের ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, সিআইসিসহ জেলা ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুধবার দুপুর ৩ টার দিকে টানা ভারী বর্ষন ও পাহাড়ি ঢলে রোহিঙ্গা ক্যাম্পে ৫ এর একটি মাদ্রাসার ওপর ভয়াবহ পাহাড়ধসে ৫ জন নিহত হয় এবং আরও ৮ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতরা হলেন, ক্যাম্প-৩-এর জি/৮৩ ব্লকের বাসিন্দা শাহিদা (১৩), ক্যাম্প-৩-এর এফ/১ ব্লকের বাসিন্দা উম্মে নেজাতুল (১৩) ও উম্মে সালমা (১২), ক্যাম্প-৫-এর এ/৮ ব্লকের বাসিন্দা ওমাইচা বিবি (১৩) এবং ক্যাম্প-৫-এর এ/১১ ব্লকের বাসিন্দা রাশিদা (১৬)।
আহতরা হলেন, ক্যাম্প-৩-এর এফ/৭৫ ব্লকের বাসিন্দা আসরা (৯), ক্যাম্প-৩-এর এফ/১ ব্লকের বাসিন্দা বেগম জান (১৫), ক্যাম্প-৫-এর এ/৭ ব্লকের বাসিন্দা ফারেসা বিবি (১২), ক্যাম্প-৩-এর জি/৮৩ ব্লকের বাসিন্দা জান্নাত আরা বিবি (৮), ক্যাম্প-৩-এর এফ/৬৬ ব্লকের বাসিন্দা নূর ফাতেমা (১০), ক্যাম্প-৫-এর এ/২ ব্লকের বাসিন্দা নুর সেহেরা (১২), ক্যাম্প-৫-এর এ/২ ব্লকের বাসিন্দা আব্দুল মোনাফ (১৭) এবং ক্যাম্প-৩-এর এফ/৭৫ ব্লকের বাসিন্দা নূর কায়েস (১০)।
রিদুয়ানুল হক সোহাগ/এস