পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে হালিম সরদার নামে এক কৃষকের বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে ইউনিয়নের চরপুখুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অসহায় হালিম সরদার খবরের কাগজকে বলেন, ‘আমি কোনো রাজনীতি বা দল করি না। আমি কৃষক ও খেটে খাওয়া মানুষ। মঙ্গলবার দুপুরে জানতে পারি, আমার ঘরটি পেট্রল দিয়ে কেউ পুড়িয়ে দিয়েছে। আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমার সঙ্গে এমন আচারণ কেন?’
তিনি বলেন, ‘ঘটনার আগের দিন (সোমবার) কিছু বখাটে যুবক আমার বাসার পিছনে গাঁজা সেবন করছিল। আমি তা দেখতে পেয়ে ওই যুবকদের বাবার কাছে বিচার দিই। সেই ক্ষোভে ওরা আমার ক্ষতি করতে পারে বলে ধারণা করছি।’
চরপুখুরিয়া গ্রামের বৃদ্ধ মন্মথ মন্ডল খবরের কাগজকে বলেন, ‘হালিম সরদার একজন ভালো ও নিরীহ মানুষ। কারো ক্ষতি করেন না। তার বাড়িতে যে বা যারা আগুন দিয়েছে আমরা তাদের বিচার দাবি করছি।’
তিনি বলেন, ‘কলাখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাদকের আখড়া বসে। প্রশাসনের কাছে অনুরোধ, মাদক বন্ধ করতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।’
একই গ্রামের যুবক সবুজ খান বলেন, ‘আমাদের গ্রামে কিছু বখাটে পোলাপান আছে, ওরা দিনরাত নেশা করে। কেউ বাধা দিলে তার উপর চড়াও হয়। হালিম কাকা একজন সহজ-সরল মানুষ। তিনি বাধা দেওয়ায় তার বাড়িতে আগুন তারাই দিতে পারে বলে এলাকাবাসীর ধারণা।’
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’
ইমন/পপি/অমিয়/