গ্রাহকদের পানির বিলের ২৪ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম ওয়াসার দুই ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন সংস্থার উপসহকারী পরিচালক মেরিন আক্তার।
আসামিরা হলেন আজমির হোসেন অভি ও মিঠুন ঘোষ। দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ বলেন, ‘গ্রাহকরা পানির বিল জমা দিলেও দুই আসামি যোগসাজশ করে ব্যাংকে জমা না দিয়ে ২৪ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাৎ করেন। এর আগে গত ২২ জানুয়ারি ওয়াসা তাদের আটক করে থানায় সোপর্দ করে। তাদের থানা-পুলিশ ৫৪ ধারায় আটক করে আদালতে পাঠায়। যদিও তারা জামিনে বের হয়ে আসেন।’
মামলার এজাহারে বলা হয়, পানির বিলের টাকা আদায় করে ওয়াসার ব্যাংক অ্যাকাউন্টে জমা করতেন না দুই আসামি। প্রাথমিক তদন্তে ২৪ লাখ ৬৬ টাকার অনিয়ম শনাক্ত করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে জনতা ব্যাংকের কর্নেলহাট শাখার মাধ্যমে ৭৯ হাজার ৭৬৮ টাকা, মিডল্যান্ড ব্যাংক চৌধুরীহাট শাখার মাধ্যমে ২ লাখ ১৫ হাজার ৪৬৪ টাকা, সাউথইস্ট ব্যাংক হালিশহর শাখার মাধ্যমে ৬২ হাজার ৯৮৫ টাকা, ওয়ান ব্যাংক চান্দগাঁও শাখার মাধ্যমে ২১ লাখ ৭ হাজার ৮৬২ টাকাসহ মোট ২৪ লাখ ৬৬ হাজার ৭৯ টাকা সংগ্রহ করেন দুই আসামি।