মাদারীপুরে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে কেনা রেইন গজ মিটার স্থাপনে দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান বুলবুল।
এ সময় কৃষি সম্প্রসারণ কার্যালয়ের কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চান তারা। তাৎক্ষণিক কাগজপত্র দেখাতে পারেনি কৃষি অফিস। তবে, আগামী ১৫ দিনের মধ্যে প্রকল্পের সঙ্গে জড়িত কর্মকর্তাসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে অনুরোধ করেছেন দুদকের কর্মকর্তারা।
আক্তারুজ্জামান বুলবুল জানান, ২০১৮-১৯ অর্থ বছরে জেলার ৬০টি ইউনিয়নের মধ্যে ৫৬টি ইউনিয়নে বসানো হয় আগাম আবহাওয়ার পূর্বাভাসের যন্ত্র রেইন গজ মিটার। তাপমাত্রা, আদ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, ঝড়ের পূর্বাভাস, আলোকঘণ্টাসহ ১০টি বিষয়ে তথ্য সংগ্রহ ও তা কৃষকদের মাঝে প্রকাশের জন্য প্রতিটি ইউনিয়নে একজন করে উপসহকারি কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বসানো রেইন গজ মিটার দেখাশোনা ও সঙ্গে ইন্টারনেট সংযোগের জন্য প্রত্যেক উপসহকারি কৃষি কর্মকর্তাকে দেওয়া হয় একটি করে ট্যাব, প্রিন্টার, সীম কার্ড ও মডেম। যার অধিকাংশেরই নেই কোনো হদিস। রেইন গজ মিটার অকেজো ও যন্ত্রাংশের হদিস না থাকার এমন অভিযোগ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযানে যায় দুদকের ৫ সদস্যের একটি দল।
পাশাপাশি সরেজমিনেও প্রতিটি ইউনিয়নে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। প্রকল্পে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না সেটিও যাছাই-বাঝাই করছে দুদক। তদন্ত শেষে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত কমিশনের প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং পরবর্তী সময়ে আইনী পদক্ষেপ নেওয়া হবে।
মো. রফিকুল ইসলাম/মাহফুজ