চট্টগ্রাম কাস্টম হাউস বন্ধ রেখে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করায় কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) মধ্যরাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সাময়িক বরখাস্ত করার আদেশ দেওয়া হয়।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সরকারের ‘নির্দেশনা অমান্য করে’ কাস্টম হাউস বন্ধ রাখায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কর্মকর্তা জাকির হোসেন ২১ ও ২৮ জুন তারিখে কর্মস্থলে উপস্থিত হননি। অথচ এর আগে ১৮ জুন এনবিআর এক আদেশে ২৮ জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই নির্দেশ অমান্য করে চট্টগ্রাম কাস্টম হাউস শনিবার ও রবিবার বন্ধ রেখে আমদানি-রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করেন। এতে সরকারের বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতি হয়। তাই তার বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এ পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে এই ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।
এনবিআর কর্মকর্তাদের এক সপ্তাহের টানা আন্দোলনের মধ্যে গত শনিবার থেকে দেশের কাস্টম ও ভ্যাটের দপ্তরে লাগাতার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি আসে। এ কর্মসূচি চলতে থাকলে দ্বিতীয় দিন রবিবার নড়েচড়ে বসে সরকার। এনবিআরের সেবা ‘অত্যাবশ্যকীয়’ ঘোষণা করে আন্দোলনরতদের কাজে যোগ দিতে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। এর মধ্যেই আন্দোলনরত ছয় এনবিআর কর্মকর্তার ‘দুর্নীতির’ তথ্যানুসন্ধান শুরুর তথ্য দেয় দুদক।