বাজেটে সামরিক তহবিল কমানোর পরও ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
শাটডাউন এড়াতে শনিবার (৩০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে যে অস্থায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে কিয়েভের জন্য প্রতিশ্রুত ৬০০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি। যদিও হোয়াইট হাউসের শীর্ষ অগ্রাধিকারের মধ্যে সেটি ছিল।
পরদিন রবিবার প্রেসিডেন্ট বাইডেন জানান, ইউক্রেন যুক্তরাষ্ট্রের উপর আস্থা রাখতে পারে। তারা কোন অবস্থাতেই ইউক্রেনের প্রতি সমর্থনকে বাধাগ্রস্ত হতে দেবে না। বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের মিত্রদের আশ্বস্ত করতে চাই যে…. আমাদের উপর নির্ভর করতে পারেন, আমরা সরে যাব না।’
তবে কট্টরপন্থি রিপাবলিকানরা আরও সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করে আসছেন। অনেকে প্রকাশ্যে বাইডেনের বিরোধিতাও করেছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। ওই সময় থেকে এ পর্যন্ত ইউক্রেনে প্রায় ৪৬০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেন কংগ্রেসে আরও ২৪০ কোটি ডলার সহায়তার জন্য অনুরোধ জানিয়েছেন।
সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র কিয়েভে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম পাঠিয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও আব্রামস ট্যাংক। সেগুলো ইউক্রেনের দক্ষিণে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ ও প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করছে ইউক্রেনীয় বাহিনীকে।
শনিবারের অস্থায়ী বাজেট চুক্তিতে আপাতত ইউক্রেনের জন্য সামরিক তহবিল স্থগিত রাখা হয়েছে। তবে পরবর্তীতে যৌথ বিবৃতিতে সিনেটের দুই দলের সিনিয়র নেতারা আসন্ন সপ্তাহগুলোকে ইউক্রেনকে মার্কিন সহায়তা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
বাজেট থেকে ইউক্রেনের তহবিল বাদ পড়ার বিষয়টি মার্কিন প্রতিনিধি পরিষদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের কট্টর ডানপন্থি রিপাবলিকান নেতাদের বিরোধিতার প্রতিফলন।
জর্জিয়ার কংগ্রেসম্যান মার্জোরি টেলর গ্রিন বলেছেন, ইউক্রেন যুদ্ধের জন্য ‘এই কংগ্রেস থেকে অনুমোদিত তহবিল বর্তমানে যথেষ্টের চেয়ে বেশি এবং অনেক বেশির মাঝামাঝি রয়েছে।’
অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্রেট সিনেটররা। এ প্রসঙ্গে সিনেটর মার্ক ওয়ার্নার বলেছেন, তিনি বিশ্বাস করতে পারছেন না যে মানুষ এই মুহূর্তে ইউক্রেন থেকে দূরে সরে যাবে।
কিয়েভের কর্মকর্তারা অবশ্য যুক্তরাষ্ট্রের ‘৪৫-দিনের তহবিল’ চুক্তিকে নিজ কূটনীতিকদের জন্য দীর্ঘমেয়াদী সমর্থন সুরক্ষিত করার একটি সুযোগ হিসেবে দেখছেন। এটি তাদের কাছে অবাঞ্ছিত সময়সীমার মতো।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন সহায়তার প্রবাহ পরিবর্তিত হবে না। এখনও ৩০০ কোটি ডলারের মানবিক ও সামরিক সহায়তা আসার কথা রয়েছে। তবে কিছু চলমান কর্মসূচিতে প্রভাব পড়তে পারে।
তবে ইউক্রেনীয় এমপি ওলেক্সি গনচারেঙ্কো জানান, স্থগিত তহবিল কিয়েভের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বলেছে যতক্ষণ সময় লাগে তারা ইউক্রেনের সাথে থাকবে, কিন্তু এখন দেখুন কীভাবে স্টপ-গ্যাপ চুক্তি থেকে ইউক্রেনের সমর্থন বাদ পড়েছে। এটি শুধু ইউক্রেনের জন্যই নয়, ইউরোপের জন্যও উদ্বেগজনক। সূত্র: বিবিসি