ইউক্রেনের পোক্রভস্ক শহরের কাছে ১ লাখ ১০ হাজার সেনা জড়ো করেছে রাশিয়া। শহরটির দখল নিতে চায় তারা। এক বছর ধরেই শহরটি দখলে নেওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা চালিয়েছে রুশ সেনারা। তবে কোনোবারই তারা সফল হয়নি। ইউক্রেনের সামরিক প্রধান ওলেকসান্ডার সিরস্কি গত শুক্রবার তথ্যগুলো জানান।
পোক্রভস্ক রাশিয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, তিনি পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্কের পুরোটার দখল চান। এমনকি সেসব অঞ্চলেরও দখল চান তিনি, যেগুলো বর্তমানে আংশিকভাবে রাশিয়ার বাহিনীর হাতে রয়েছে।
কিয়েভ ও তার মিত্রদের অভিযোগ, পুতিন শান্তি প্রচেষ্টাকে আমলে নিচ্ছেন না এবং এ-সংক্রান্ত সবকিছুর গতিরোধ করছেন। মূলত তিনি শান্তি প্রচেষ্টার আলাপের আড়ালে ইউক্রেনের আরও ভূখণ্ডের দখল নিচ্ছেন।
পোক্রভস্ক প্রধান কোনো শহর না হলেও এটির অবস্থান গুরুত্বপূর্ণ স্থানে। এটির ওপর একটি সড়ক ও রেলপথ গিয়েছে, যা ওই এলাকার সব সামরিক কেন্দ্রকে সংযুক্ত রেখেছে।
কস্তিয়ানতিনিভকা, ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানিস্কের সঙ্গে মিলে শহরটি পূর্ব দোনেৎস্কের ইউক্রেনীয় অংশের প্রতিরক্ষা ধরে রেখেছে। পোক্রভস্কে যুদ্ধের আগে প্রায় ৬০ হাজার মানুষের বসবাস ছিল। এখন বেশির ভাগই সেখান থেকে সরে গেছেন।
বেশ কয়েকটি কারণে এতদিন রাশিয়ার বাহিনী ওই শহরটির দখল নিতে পারেনি। এর প্রথমটি হলো, প্রতিরক্ষায় ইউক্রেনের ড্রোনের ব্যবহার। আর দ্বিতীয়টি হলো, রাশিয়া সেখানে সেনা জড়ো করতে পারেনি। মূলত, ইউক্রেনীয় সেনারা রাশিয়ার বাহিনীকে কারস্কে ব্যস্ত রেখেছিল। আর এ কারণেই রাশিয়ার বাহিনী পূর্ব ইউক্রেনে সেনা জড়ো করতে পারেনি।
সিএনএনের খবর বলছে, শহরটিতে সরাসরি আক্রমণ চালাচ্ছে না রাশিয়া। তারা এর বদলে সেনা দিয়ে শহরটি দক্ষিণ ও উত্তর-পূর্ব দিক থেকে ঘিরে ফেলতে শুরু করেছে। মাঝেমধ্যে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে বিচ্ছিন্নভাবে বন্দুকযুদ্ধে জড়াচ্ছে রুশ সেনারা। সূত্র: সিএনএন।