সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার বিচার শুরু হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
এদিন মামলার বাদী ড. বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সেই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৬ ডিসেম্বর দিন ধার্য করেন।
ঢাকায় নিযুক্ত মার্কিন তৎকালীন রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় ড. বদিউল আলম মজুমদার বাদী হয়ে ২০১৮ সালের ১০ আগস্ট রাতে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আব্দুর রউফ আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে ১৯ জনকে সাক্ষী করা হয়।
এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয় ২০২২ সালের ২৮ মার্চ। ৪ ডিসেম্বর ছয়জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। সাক্ষীদের মধ্যে ড. বদিউল আলম মজুমদার, খুশি বেগম ও মাহবুবুল আলম মজুমদার তাদের জবানবন্দিতে জনৈক ইশতিয়াক মাহমুদের নাম উল্লেখ করেন। পরে ২০২২ সালের ২৭ ডিসেম্বর আদালত মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায় থেকে উত্তোলন করে অধিকতর তদন্তের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য ঢাকার সিএমএমে পাঠান।
২০২৩ সালের ১ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেন। গত ১৯ সেপ্টেম্বর অধিকতর তদন্ত শেষে এ মামলায় মোহাম্মদ ইশতিয়াক মাহমুদসহ (ড. বদিউল আলম মজুমদারের শ্যালক) ৯ জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার রাজন সাহা।
সম্পূরক চার্জশিটভুক্ত অন্য আট আসামি হলেন রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদ।
এমএ/