জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় কবে ঘোষণা করা হবে, তা জানা যাবে আজ বৃহস্পতিবার।
গত ২৩ অক্টোবর এ মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণের দিন আজ (১৩ নভেম্বর) ধার্য করেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোর মধ্যে এটি হতে যাচ্ছে প্রথম রায়।
শেখ হাসিনা এবং কামাল ছাড়াও এ মামলায় আসামি হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মামলার শুরু থেকেই শেখ হাসিনা ও কামাল পলাতক। তবে গ্রেপ্তারের মাধ্যমে কারাবন্দি হন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিন আসামির বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের দিন নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হওয়ার আবেদন করেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সত্য ঘটনা প্রকাশ করার শর্তে মামুনকে রাজসাক্ষী হিসেবে ঘোষণা করেন ট্র্যাইব্যুনাল। সেই থেকে রাজসাক্ষীর মর্যাদায় তিনি কারাগারেই আছেন। প্রতি ধার্যদিনে তাকে কারাগার থেকে এনে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজও তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানা গেছে।
মামলাটির তদন্ত শেষে গত ১২ মে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন পেশ করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপপরিচালক মো. আলমগীর। প্রতিবেদন যাচাই ও পর্যালোচনা শেষে ১ জুন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। অপরাধ সংঘটনের তারিখ দেওয়া হয় গত বছরের ১৪ জুলাই সকাল থেকে ৫ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত। অভিযোগপত্রে আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়। ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার অভিযোগপত্রের মধ্যে মূল অভিযোগ ১৩৫ পৃষ্ঠা, তথ্যসূত্র ২ হাজার ১৮ পৃষ্ঠা, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি ৪ হাজার ৫ পৃষ্ঠা এবং শহিদদের তালিকার বিবরণ রয়েছে ২ হাজার ৭২৪ পৃষ্ঠা। ১০ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। তদন্ত কর্মকর্তাসহ মামলায় সাক্ষী করা হয় ৮১ জনকে। এর মধ্যে ৫৪ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। ৪ আগস্ট সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গত ৮ অক্টোবর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এরপর শুরু হয় যুক্তিতর্ক। রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স কাউন্সেল) আমির হোসেন যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে যুক্তিতর্ক শেষ হয় গত ২৩ অক্টোবর।
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান এবং ২০০৯ সাল থেকে গত বছরের ৫ আগস্ট পর্যন্ত গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের ৫ আগস্টের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্তত ৪৫০টি অভিযোগ দায়ের হয়েছে। আসামির তালিকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সেনাবাহিনীর সাবেক-বর্তমান কতিপয় কর্মকর্তা, পুলিশের সাবেক-বর্তমান কতিপয় কর্মকর্তা ও বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী কতিপয় আমলার নাম রয়েছে। অভিযোগ যাচাইয়ের পর প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে ৩০টি মামলা (মিস কেস) দায়ের হয়েছে। এই ৩০ মামলায় মোট আসামি ২০৯ জন। এর মধ্যে ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিভিন্ন কারাগার ও উপকারাগারে বন্দি আছেন। এ ছাড়া শেখ হাসিনাসহ অনেক আসামি পলাতক আছেন। ৩০ মামলার মধ্যে এখনো ২০টি মামলা তদন্তাধীন রয়েছে। অপর ১০টির তদন্ত শেষে দুটি ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটভুক্ত মোট আসামি ৯৪ জন। এর মধ্যে ২১ জন বিভিন্ন কারাগারে এবং ১৫ জন ঢাকা সেনানিবাসের উপকারাগারে বন্দি আছেন। চার্জশিটভুক্ত ৫৮ আসামি পলাতক আছেন।
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তৎকালীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। এই ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১০ সালের ২৫ মার্চ। পরে ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুটিকে একীভূত করে আবার একটি ট্রাইব্যুনাল করা হয়। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের আগে ১৪ বছরে ৫৫টি মামলার রায় দিয়েছিল ট্রাইব্যুনাল। এসব মামলায় অনেকের মৃত্যুদণ্ড হযেছে। মৃত্যুদণ্ড ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ সাজা দেওয়া হয়েছে মোট ১৪৯ জনকে। মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ৬ জনের। এর মধ্যে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা পাঁচজন এবং বিএনপির একজন। তারা হলেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, দুই সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান, নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের সময় পর্যন্ত মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগসংক্রান্ত ৩০টি মামলা বিচারাধীন ছিল। সরকার পতনের পর গত বছরের ২৭ আগস্ট ট্রাইব্যুনালের সর্বশেষ বিচারক (জেলা ও দায়রা জজ-পিআরএল ভোগরত) এ এইচ এম হাবিবুর রহমান ভূইঁয়া অব্যাহতি নিলে বিচার কার্যক্রম নিষ্ক্রিয় হয়। একই সময়ে পদত্যাগ করেন প্রসিকিউশনের সব আইনজীবী। ওই বছরের ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রসিকিউশন টিম পুনর্গঠন করে অন্তর্বর্তী সরকার। এর পর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয়। গত বছরের ২১ অক্টোবর হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে চেয়ারম্যান করে তিন সদস্যদের সমন্বয়ে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল পুনর্গঠনের আগেই জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একের পর এক অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের কাছে জমা হতে থাকে। অভিযোগের সংখ্যা বেড়ে যাওয়ায় এবং বিচারকাজ ত্বরান্বিত করার স্বার্থে গত ৮ মে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করে সরকার। অপর দুই সসদ্য হলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।