প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই এ দুর্যোগের সময় সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে।’ দুর্যোগে যারা মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ জানান তিনি।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ১টার দিকে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী দুর্যোগকবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস প্রাকৃতিক নিয়মে আসে। জিনিস গেলে পাওয়া যায়, জীবন গেলে পাওয়া যায় না। ঘূর্ণিঝড়ে যাদের ঘরবাড়ি ভেঙেছে তাদের ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া হবে। এবার অনেক বড় জলোচ্ছ্বাস হয়েছে। আমরা চাই দক্ষিণ অঞ্চলের মানুষ এ দুর্যোগ থেকে মুক্তি পাক। যেসব সড়ক ভেঙে গেছে তা নির্মাণ করা হবে। ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়া বাঁধ পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে।’
তিনি বলেন, ‘জলোচ্ছ্বাসে অনেক ঘেরে পানি ঢুকে নোনা হয়ে গেছে। অনেক মাছ ভেসে গেছে। কৃষকের অনেক ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষক যাতে নতুন করে ঘুরে দাঁড়াতে পারে তার জন্য বীজ-সার যা যা প্রয়োজন সবকিছু দেওয়া হবে। কৃষক যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে তার ব্যবস্থা করা হবে। মানুষের মৌলিক চাহিদা- অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা। যা যা দরকার তা সরকার করে যাচ্ছে।’
এর আগে দুর্যোগকবলিত মঠবাড়িয়া ও পাথরঘাটা এলাকা পরিদর্শন শেষে দুপুর ১২টা ২০ মিনিটে কলাপাড়ার খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন হেলিপ্যাডে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে। পরে তিনি ২ হাজার দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এসব ত্রাণের মধ্যে চাল ১০ কেজি, মসুর ডাল ১ কেজি, লবণ ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, মরিচের গুঁড়া ১০০ গ্রাম, হলুদের গুঁড়া ২০০ গ্রাম, ধনিয়ার গুঁড়া ১০০ গ্রাম।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মো. মহিববুর রহমান, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, বরিশালের সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহসহ জেলা-উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
হাসিবুর রহমান/সালমান/