শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ দেশে আনবে এবং তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় হুইপ জয়নুল আবদিন ফারুক।
ভারতের পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এত সুখ আপনার থাকবে না। যত শান্তিতেই ভারতে থাকেন না কেন, জনগণ বাংলার মাটিতে আপনাকে আনবে এবং বিচার করবে। আপনি বিএনপির অসংখ্য নেতাকে গুম করেছেন। আপনার বাহিনী দিয়ে দেশের অসংখ্য জনগণ, ছাত্রদেরকে হত্যা করেছেন। মামলা সবে শুরু হয়েছে। আরও মামলা হবে।’
সোমবার (২৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রবাস অনলাইন বিএনপি গ্রুপের উদ্যোগে শেখ হাসিনার শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান, নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেছারুল হক প্রমুখ।
ভারত সরকারের উদ্দেশ্যে ফারুক বলেন, ‘মোদি সরকারের কাছে অনুরোধ করব, অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন। বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার দেখে যেতে না পারলে মুক্তিযুদ্ধা হিসেবে আমাদের সার্থকতা থাকবে না।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রেতাত্মারা বাংলাদেশের নতুন করে সমস্যা সৃষ্টি করতে পারে। তার জন্য জাতীয়তাবাদী শক্তির সবাইকে সজাগ থাকতে হবে।’
আনসারদের উদ্দেশ্যে সাবেক এই হুইপ বলেন, ‘গত ১৬ বছর আপনাদের দাবি কোথায় ছিল? ড. ইউনূস ক্ষমতায় বসার পর আপনাদের দাবির মধ্য থেকে গুলি আসে কেন? কারা এরা? আপনাদের গায়ে নতুন জামা কেন? কারা অর্থ দিয়েছে এসব তদন্ত করে বের করার আহ্বান জানান।’
জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে মাত্র ২১ দিন। এর মধ্যে ঢাকা শহরটাই যেন দাবির ভূমিতে পরিণত হয়েছে। এখনো শেখ হাসিনার জঞ্জাল মুক্ত করতে পারেনি। কালপিট ইউপি চেয়ারম্যানদের বরখাস্ত করার সময় পাচ্ছে না। একটু সময় তো তাকে দিতে হবে।
ড. ইউনূসের কাছে দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘আপনার ওপর যে অন্যায় হয়েছে এগুলো আপনি প্রতিশোধ নেবেন না জানি। তবে আমরা ১৬ বছরে আট বছর জেল খেটেছি। হারুন, বিপ্লব, বেনজীর, আসাদের মতো পুলিশ অফিসার আমাদের নেতাকর্মীদের বাসায় ঢুকে তাদের স্ত্রীর গায়ে হাত তুলে গ্রেপ্তার করেছে। এদেরকে আইনের আওতায় আনতে হবে।’
শফিকুল ইসলাম/অমিয়/