জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম, বাংলাদেশ কৃষক ও গ্রামীণ মজুর ফেডারেশনের সভাপতি সজীব রায়, বাংলাদেশের সাম্যবাদী দল( মা-লে-মা) সাধারণ সম্পাদক ডা আবদুল হাকিম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমীর আব্বাস,বাংলাদেশ লেখক শিবিরের সভাপতি কাজী ইকবাল ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার এক যৌথ বিবৃতিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানিয়ে বলেছেন, সাম্রাজ্যবাদী ভারতের মদদে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। এদের উদ্দেশ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অনিশ্চিত করে দেশে চরম নৈরাজ্য সৃষ্টি করা।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শরিফ ওসমান হাদি হত্যাকে কেন্দ্র করে একদল বিক্ষুব্ধ জনতা কর্তৃক দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা অফিসে অগ্নিসংযোগ ও লুটপাট, সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে অগ্নিসংযোগ প্রভৃতি ঘটনা বাংলাদেশে নতুন মোড়কে ফ্যাসিবাদী শাসন কায়েমের ইঙ্গিত।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাম্রাজ্যবাদী ভারত আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে একটি "জঙ্গি" রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে মরিয়া। বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক আগ্রাসন পরিচালনার এই ভারতীয় চক্রান্ত রুখে দাঁড়ানো গণতান্ত্রিক শক্তির কর্তব্য।
শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারে অন্তর্বর্তীকালীন সরকারের চরম ব্যর্থতার কঠোর সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শক্তিসমূহকে ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
এসএন/