ভালো কাজের আদেশ দেওয়ার পাশাপাশি খারাপ বা মন্দ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ইসলাম। ভালো কাজের বিপরীতে ইসলামের দৃষ্টিতে অভিশপ্ত কিছু কাজও রয়েছে। অভিশপ্ত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া। পবিত্র কোরআন ও হাদিসে এমন পাঁচটি কাজকে অভিশপ্ত বলা হয়েছে। কী সেই পাঁচটি কাজ?
মুমিনদের কষ্ট দেওয়া : মানুষের সঙ্গে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দপূর্ণ আচরণ করা ইসলামের শিক্ষা। মানুষকে কষ্ট দেওয়া পাপ। কষ্টদাতাকে আল্লাহ অপছন্দ করেন। কোরআনে এরশাদ হয়েছে, ‘যারা মুমিন নর-নারীদের বিনা অপরাধে কষ্ট দেয়, তারা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে।’ (সুরা আহজাব, আয়াত : ৫৮)
চলাচলের রাস্তায় মলমূত্র ত্যাগ করা : রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ রাখা ঈমানি দায়িত্ব। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “ঈমানের ৭০টিরও বেশি অথবা ৬০টিরও কিছু বেশি শাখা রয়েছে। ঈমানের সর্বোচ্চ শাখা হলো ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ এ কথা স্বীকার করা। সর্বনিম্ন শাখা হলো, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া।” (মুসলিম : ৬০)
রাস্তায় মলমূত্র ত্যাগ করে অপরিচ্ছন্ন ও নোংরা করা গুনাহের কাজ। আল্লাহতায়ালা তাদের ওপর অভিশম্পাত করেছেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা অভিশপ্ত দুটি কাজ থেকে বেঁচে থেকো। সাহাবিরা বললেন, হে আল্লাহর রাসুল! অভিশপ্ত কাজ দুটি কী? তিনি বললেন, মানুষের চলাচলের পথে অথবা ছায়াবিশিষ্ট স্থানে মলমূত্র ত্যাগ করা।’ (আবু দাউদ: ২৫)
স্ত্রীর পায়ুপথে সঙ্গম করা : স্বামী-স্ত্রীর মেলামেশাকে ইবাদতের মর্যাদা দিয়েছে ইসলাম। তবে তা অবশ্যই যোনিপথে হতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তুমি আপন স্ত্রীর সঙ্গে যেকোনো সময় মেলামেশা করতে পারো, তবে তা হতে হবে যোনিপথে।’ (মুসনাদে আহমদ: ২৪১৪) স্বভাব-প্রকৃতির বিপরীতে যারা বিকৃত যৌনাচার করে তাদের ওপর আল্লাহর অভিশাপ। এটা ইসলামে হারাম। রাসুল (সা.) বলেছেন, ‘যে তার স্ত্রীর পেছনের রাস্তায় সহবাস করে সে অভিশপ্ত।’ (তিরমিজি: ২১৬২)
হিল্লা বিয়ে : তিন তালাকের মাধ্যমে বিচ্ছেদ হওয়ার পর স্বামী-স্ত্রীর বন্ধনকে পুনরায় বৈধ করার ইসলামি পদ্ধতি হলো, ইদ্দত শেষে তালাকপ্রাপ্তা সেই নারীকে অন্য কারও সঙ্গে বিয়ে দেওয়া। এরপর সেই স্বামী-স্ত্রীর মধ্যে পূর্ণ শারীরিক সম্পর্কের পর তালাকের মাধ্যমে যদি তাদের বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হয়, তাহলে আবারও যথারীতি ইদ্দত পালনের পর ওই নারীর সঙ্গে তার আগের স্বামীর বিয়ে বৈধ। এটাকে ইসলামি পরিভাষায় হিল্লা বিয়ে বলা হয়।
আরবি হিলা শব্দের অর্থ কৌশল। হিল্লা বিয়ে যিনি করেন এবং করাতে উদ্যোগী হন, তাদের আল্লাহ অপছন্দ করেন। হাদিসে তাদের ওপর অভিশম্পাতের কথা এসেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে (তিন তালাকপ্রাপ্তা কোনো নারীকে) তালাক দেওয়ার উদ্দেশ্যে বিয়ে করে, সে এবং যে স্বামী তালাক দেওয়ার পর পুনরায় গ্রহণের ইচ্ছায় তাকে অন্যের কাছে বিয়ে দিয়ে তার জন্য হালাল করে নেয়, তারা উভয়ে অভিশপ্ত।’ (আবু দাউদ : ৯৯৮)
দুনিয়ার মোহ : আল্লাহ দুনিয়াকে মানুষের জন্য চিত্তাকর্ষক করে বানিয়েছেন। যে কারণে মানুষ শয়তানের ধোঁকায়, নফসের প্ররোচনায়, পরিবেশের তাড়নায়, খুব সহজে দুনিয়ার মোহে পড়ে যায়। রাসুলুল্লাহ (সা.) মানুষকে দুনিয়ার মোহ থেকে সাবধান করে বলেছেন, ‘আল্লাহতায়ালার জিকির ও তার সঙ্গে সঙ্গতিপূর্ণ অন্যান্য আমল, আলিম ও ইলেম অন্বেষণকারী ছাড়া দুনিয়া ও তার মাঝের সবকিছুই অভিশপ্ত।’ (ইবনে মাজাহ: ৪১১২)
লেখক : মুহাদ্দিস, জামিয়া কাশেফুল উলুম (হাটখোলা মাদরাসা) মধুপুর, টাঙ্গাইল