আমাদের প্রায় প্রতিদিনই নানা প্রয়োজনে ঘর থেকে বের হতে হয়। এরপর থাকে ঘরে ফেরার অপেক্ষা। নিরাপদে জীবনযাপনের প্রত্যাশা। বিপদ থেকে বেঁচে থাকার আকাঙ্ক্ষা। গুনাহ থেকে মুক্ত থাকার ইচ্ছা। আমরা যদি আল্লাহর ওপর ভরসা করে তাঁর কাছে আশ্রয় চেয়ে ঘর থেকে বের হই, তা হলে আল্লাহ আমাদের হেফাজত করবেন।
ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়া উত্তম। এতে আল্লাহতায়ালা বান্দাকে হেফাজত করেন। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এ দোয়াটি পড়ে—
بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ وَ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ
বাংলা উচ্চারণ: ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, ওয়ালা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি।’
বাংলা অর্থ: আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর ওপর ভরসা করছি। আল্লাহ ছাড় আর কারও কোনো ক্ষমতা ও শক্তি নেই।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তখন তাকে বলা হয়, ‘তোমাকে হেদায়েত দেওয়া হয়েছে, যথেষ্ট করা হয়েছে এবং হেফাজত করা হয়েছে।’ এ ঘোষণা শুনে শয়তান তার থেকে দূরে সরে যায়। (আবু দাউদ, হাদিস: ৫০৯৫)
রাসুলুল্লাহ (সা.)-ও ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়তেন। উম্মে সালামা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) যখনই আমার ঘর থেকে বের হতেন, তখন আকাশের দিকে তাকিয়ে এই দোয়া পড়তেন—
اللَّهُمَّ أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ، أَوْ أُضَلَّ، أَوْ أَزِلَّ، أَوْ أُزَلَّ، أَوْ أَظْلِمَ، أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَأَوْ يُجْهَلَ عَلَيَّ
বাংলা উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা আন আদিল্লা, আউ উদাল্লা আউ আজিল্লা আউ উজাল্লা, আউ আলিমা আউ উলামা আউ আজহালা আউ ইয়ুজহালা আলাইয়া।’
বাংলা অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে পথভ্রষ্ট হওয়া বা পথভ্রষ্ট করা, গুনাহ করা বা গুনাহের দিকে ধাবিত করা, জুলুম করা বা জুলুমের শিকার হওয়া, অজ্ঞতা প্রকাশ করা বা অজ্ঞাত প্রকাশের পাত্র হওয়া থেকে আশ্রয় চাইছি।’ (আবু দাউদ, হাদিস: ৫০৯৪)
হাদিসে আরেকটি দোয়া পাওয়া যায়—
بِسْمِ اللَّهِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ التُّكْلاَنُ عَلَى اللَّهِ
বাংলা উচ্চারণ: ‘বিসমিল্লাহি, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি, আত্তুকলানু আলাল্লাহি।’
বাংলা অর্থ: আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ ছাড়া আর কারও ক্ষমতা ও শক্তি নেই, ভরসা আল্লাহর ওপর।’ (ইবনে মাজাহ, হাদিস: ৩৮৮৫)