নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় শিরোপা ঘরে তুলেছে ভারত। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল হিসেবে জায়গা করে নিয়েছে এশিয়ার শক্তিধররা। সূর্যকুমার যাদবদের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শচীন টেন্ডুকারের মতো গ্রেট ক্রিকেটাররা। অভিনন্দন জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
নরেন্দ্র মোদি, ভারতের প্রধানমন্ত্রী
চ্যাম্পিয়ন! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন। এই অসাধারণ সাফল্য দলটির উৎকৃষ্ট দক্ষতা, দৃঢ় সংকল্প এবং দলগত কাজের প্রতিফলন। পুরো টুর্নামেন্ট জুড়ে তারা দেখিয়েছে অসাধারণ ধৈর্য এবং লড়াই। এই জয়ের আনন্দ ও গর্বে প্রতিটি ভারতীয় হৃদয় ভরে গেছে। দারুণ খেলেছো, টিম ইন্ডিয়া!
জিয়ান্নি ইনফ্যান্তিনো, ফিফা প্রেসিডেন্ট
আরেকটি দারুণ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য আইসিসি এবং আমার বন্ধু জয় শাহকে অভিনন্দন। আরেকটি শিরোপার জন্য ভারতকে অনেক অভিনন্দন। তোমাদের অসাধারণ দেশটি পরিদর্শন করার পর আমি জানি, এটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
মহেন্দ্র সিং ধোনি
আহমেদাবাদে ইতিহাস সৃষ্টি হলো। দল, সাপোর্ট স্টাফ এবং সারা বিশ্বের ভারতীয় দলের সমর্থককে অনেক অভিনন্দন। তোমাদের সবাইকে খেলতে দেখা সত্যিই আনন্দের ছিল। কোচ সাহেব, আপনার মুখের হাসিটা দারুণ মানিয়েছে। হাসির সঙ্গে সেই তীব্রতা একেবারে মারাত্মক এক কম্বিনেশন। খুব ভালো কাজ হয়েছে। উপভোগ করো ছেলেরা। বুমরাহ সম্পর্কে কিছু না লিখলেই ভালো… চ্যাম্পিয়ন বোলার!
শচীন টেন্ডুলকার
টানা দুইবার বিশ্বকাপ জয়, টি-টোয়েন্টি ফরম্যাটে যা এর আগে কোনো দল করতে পারেনি। ট্রফির একেবারে যোগ্য ও প্রাপ্য বিজয়ী। আমাদের দলের অসাধারণ পারফরম্যান্স এবং দারুণ এক ধরনের ক্রিকেট দেখানো হয়েছে পুরো টুর্নামেন্টজুড়ে। দারুণ খেলেছ টিম ইন্ডিয়া। জয় হিন্দ!
বিরাট কোহলি
চ্যাম্পিয়ন। আহমেদাবাদে ভারতের অসাধারণ জয়। পুরো টুর্নামেন্টজুড়ে আমাদের বিস্ফোরক ক্রিকেটের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। কঠিন পরিস্থিতিতেও লড়াই চালিয়ে যাওয়ার জন্য ছেলেদের দেখানো দুর্দান্ত চরিত্র এবং আবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া সত্যিই প্রশংসনীয়। এই কীর্তি অর্জনের জন্য সব খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের সকল সদস্যকে অভিনন্দন।
রবি শাস্ত্রী
টিম ইন্ডিয়াকে অনেক অভিনন্দন! সূর্যকুমার যাদব, গৌতম গম্ভীর এবং এবং পুরো টিম ম্যানেজমেন্টকে। এটা ছিল এক উচ্চস্তরের, পেশাদার এবং নিখুঁত পারফরম্যান্স। চাপের সময় শান্ত, গুরুত্বপূর্ণ মুহূর্তে নিষ্ঠুর। টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন… এবং একেবারে যোগ্য জয়!
যুবরাজ সিং
টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন। বিশ্বকাপ রক্ষা করা মানে চূড়ান্ত সাফল্য এবং এই দল সূর্যকুমার যাদবের নেতৃত্বে সবচেয়ে বড় মঞ্চে সত্যিকারের মনোভাব নিয়ে খেলেছে! সাঞ্জু স্যামসন, ইশান কিশান ও অভিষেক শর্মা ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। স্যামসন সুযোগ আসলে আবারও দেখাল কেন তিনি ম্যাচ উইনার। ইশান পুরো টুর্নামেন্টে ধারাবাহিক ছিলেন এবং ভারতের রানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
শিভম দুবে ও হার্দিক পান্ডিয়া ম্যাচের গতি যখন প্রয়োজন ছিল তখন তা পরিবর্তন করেছেন। জাসপ্রিত বুমরাহ সত্যিই বিশেষ- যত কঠিন পরিস্থিতি, তত ভালো খেলেছেন সে! অক্ষর প্যাটেল গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। আর হার্দিক, আর্শদীপ সিং ও বরুন চক্রবর্তী পুরো সময় চাপ ধরে রেখেছেন।
কোচ গৌতম গম্ভীর এবং পুরো সাপোর্ট স্টাফকেও অভিনন্দন! এই মুহূর্তগুলো অর্জনে প্রচুর কঠোর পরিশ্রম লাগে। ভারত, আবারও বিশ্বচ্যাম্পিয়ন!
অনিক/