চট্টগ্রামের কর্ণফুলী নদী রক্ষায় সাম্পান শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) বেলা ১১টায় নগরের কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট থেকে এ কর্মসূচি শুরু হয়ে বাকলিয়া ঘাট ঘুরে আবারও অভয়মিত্র ঘাটে এসে শেষ হয়। এতে তিন শতাধিক সাম্পানের সঙ্গে কয়েক শ মাঝি অংশ নেন। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন নগর পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়।
এ সময় কর্ণফুলীর সাম্পান মাঝিরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে নদী রক্ষার দাবি জানান। শোভাযাত্রার সময় শত শত সাম্পান চলার সঙ্গে সঙ্গে পুরো নদীতে আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, ‘আমরা নানা আন্দোলনের কথা জানি। অনেক আন্দোলন সফল হয়, আবার কোনো আন্দোলন ব্যর্থ হয়। কিন্তু কর্ণফুলী ও চট্টগ্রাম মহানগরীর পরিবেশ রক্ষার এই সামাজিক আন্দোলন ব্যর্থ হলে পুরো জাতি ব্যর্থ হবে। সেই সঙ্গে আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য ধ্বংস ডেকে আনব। সেই পরিবেশ আমরা সৃষ্টি হতে দেব না। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে কর্ণফুলী নদীকে রক্ষা করতে হবে। কর্ণফুলী রক্ষায় যেকোনো ধরনের আয়োজনে সিএমপি সব সময় সঙ্গে থাকবে। আপনাদের আন্দোলনে আমরা সক্রিয়ভাবে জড়িত আছি।’
এ সময় আরও বক্তব্য রাখেন ডায়মন্ড সিমেন্ট জেনারেল ম্যানেজার (সেলস) আবদুর রহিম, সাম্পান শোভাযাত্রার আয়োজক সৈয়দ আহমেদ, সেলিমুল হক, কামাল আহমেদ রাজা প্রমুখ।