চট্টগ্রাম নগরে এবার কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল মেহেদী হাসান (১৯) নামে এক কারখানা শ্রমিকের। এ ঘটনায় মো. রিফাত (১৯) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ মে) রাত পৌনে ৯টার দিকে নগরের ইপিজেড থানার আকমল আলী পকেট গেটমুখী রেলবিট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান ভোলার লালমোহন থানার গোরিন্দা বাজার এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক। অন্যদিকে আহত রিফাত ইপিজেড থানার ৩৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর সাইডপাড়ার মালুর বাড়ির মো. মিন্টুর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন খবরের কাগজকে বলেন, ‘ইপিজেড এলাকার কন্ট্রা ম্যাটেরিয়াল ইন্ডাস্ট্রি নামে একটি কারখানার শ্রমিক সাদেক ও রমজানের মধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাওনা টাকা নিয়ে ঝামেলা হয়। সাদেক রমজানের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। এ নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হলে তাদের অফিসের বস রিফাত ঝামেলাটি মিটমাটের চেষ্টা করেন। এরপর আরও আধা ঘণ্টা পরে সাদেক কয়েকজন নিয়ে রমজানের বস রিফাতকে পেয়ে হামলা করে। এ সময় ছুরিকাঘাত করলে তার হাতে লাগে।’
তিনি আরও বলেন, ‘ওই সময় পোশাক কারখানাগুলো ছুটি হওয়ায় শ্রমিকদের প্রচুর ভিড় ছিল। হঠাৎ এক শ্রমিককে ছুরিকাঘাত করা হলে তিনি আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন ওই কারখানার কর্মকর্তা মো. রিফাত। আমরা এখনো কাউকে আটক করতে পারিনি। অভিযান অব্যাহত আছে।’
মনির/ইসরাত চৈতী/সালমান