শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। প্যানেল মেয়রদেরও মিলছে না হদিস। উদ্ভূত পরিস্থিতিতে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
ওই অফিস আদেশে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন সিটি করপোরেশনের অনেক মেয়র ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট সিটি করপোরেশন সূত্রে জানা যায়। সিটি করপোরেশনের প্যানেল মেয়ররাও কর্মস্থলে ধারাবাহিকভাবে অনুপস্থিত রয়েছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করেও উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না।
এ প্রেক্ষিতে সিটি করপোরেশনের অনেক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে। তাই যেসব সিটি করপোরেশনে এরূপ পরিস্থিতি উদ্ভূত হয়েছে, সে সকল সিটি করপোরেশনের সব ধরণের জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার নিমিত্ত প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে পুনরাদেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ ১৪ আগস্ট থেকে কার্যকর হবে।