লক্ষ্মীপুরে সদরের চরউভূতি ও রায়পুরের চরমোহনা এলাকায় ছয় বছরের দুই শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলার পর অভিযুক্ত মনির হোসেন (৩০) ও রিপন হোসেন (১৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে সদর উপজেলার চকবাজার থেকে রিপন হোসেন ও রায়পুর উপজেলার চরমোহনা এলাকা থেকে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বুধবার (১৯ মার্চ) রাতে নির্যাতিত ওই দুই শিশুর মা রায়পুর ও সদর থানায় পৃথকভাবে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুইটি মামলা করেন।
পুলিশ ও ভুক্তভোগী দুই শিশুর স্বজনরা জানান, ১৮ মার্চ বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জের চরউভূতি এলাকায় ৬ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দিয়ে ধর্ষণের চেষ্টা করেন রিপন হোসেন। অপরদিকে রায়পুর উপজেলার চরমোহনা এলাকায় অপর শিশুকে একই কায়দায় ডেকে নিয়ে সুপারীবাগানে ধর্ষণের চেষ্টা করেন মনির হোসেন। বিষয়টি জানাজানির পর স্থানীয়ভাবে একটি প্রভাবশালী চক্র দুটি ঘটনা মীমাংসার নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে পুলিশের সহযোগিতায় নির্যাতিত দুই শিশুর পরিবার থানায় পৃথক দুটি মামলা কররে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়।
সদর ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ও নিজাম উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।
রফিকুল/মেহেদী/