বরিশালের বানারীপাড়ায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে ধর্ষণ মামলা থেকে অভিযুক্ত আওয়ামী লীগ নেতার ছেলের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে ক্ষুব্ধ এলাকাবাসী।
গত সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনের সড়কে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী ছাত্রীকে বখাটে শোভন মিস্ত্রির বাসায় আটকে রেখে ধর্ষণ করা হয়। এ কাজে সহযোগিতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুব্রতলাল কুণ্ডুর ছেলে শান্ত কুণ্ডু (২২)। অভিযুক্ত শোভন বানারীপাড়া সদর ইউনিয়নের আলতা গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে। ঘটনার পরের দিন ৪ মার্চ ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। কিন্তু ধর্ষণের সহযোগী হিসেবে শান্ত কুণ্ডুর নাম এলেও এজাহারে তা রাখা হয়নি। পুলিশ ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠায়।
নির্যাতনের শিকার ওই ছাত্রী বলেন, ‘এজাহার থেকে শান্তর নাম বাদ দেওয়ার জন্য তার বাবা সুব্রতলাল কুণ্ডু বিএনপির কয়েকজন প্রভাবশালী লোক দিয়ে আমাদের ভয়ভীতি দেখান।’ বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা জানান, ঘটনায় শান্ত কুণ্ডু জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।