সিরাজগঞ্জের সলঙ্গায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ফুসলিয়ে ১০ম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মঙ্গলবার (১৫ এপ্রিল) ছাত্রীর বাবা বাদী হয়ে ওই কিশোর এবং অজ্ঞাত এক ব্যক্তির নাম উল্লেখ করে মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছেন।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগ এনে ছাত্রীর বাবা মামলা করেছেন। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ধর্ষণের শিকার স্কুল ছাত্রী সলঙ্গা থানার আলোক দিয়ার গ্রামে নানার বাড়িতে থেকে পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ালেখা করে। একই বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী গত ১৩ এপ্রিল ওই ছাত্রীকে ফুসলিয়ে পাঁচলিয়া বাজার সংলগ্ন জহুরুলের মার্কেটে নিয়ে যায় এবং মার্কেটের ভিতরের একটি কক্ষে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। অতিরক্ত রক্ত ক্ষরণে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সোমবার (১৪ এপ্রিল) রাত ৩টার দিকে শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার রাকিবুল ইসলাম বলেন, ‘ছাত্রীর পরিবার তাকে হাসপাতালে ভর্তি করেছেন। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে সুস্থ আছেন।’
সিরাজুল/তাওফিক/