পাবনা সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামে বৈদ্যুতিক পাম্পের সাহায্যে ডোবার পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক দম্পতির মৃত্যু হয়েছে। এই ঘটনায় শ্যালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- পাবনা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মো. তাইজুল ইসলাম (৪০) এবং তার স্ত্রী মোছা. আশা খাতুন (৩৫)। এই ঘটনায় গুরুতর আহত শ্যালকের নাম মো. আলম (৩০)। তিনি কুচিয়ামোড়া গ্রামের আবুল চৌকিদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তাইজুল ইসলাম কয়েকদিন আগে স্ত্রী আশা খাতুনকে নিয়ে কুচিয়ামোড়া গ্রামে শ্বশুর আবুল চৌকিদারের বাড়িতে বেড়াতে আসেন। গতকাল বিকেলে শ্বশুরবাড়ির পাশের একটি ডোবা থেকে মাছ ধরার উদ্দেশ্যে শ্যালক আলমের সঙ্গে মিলে একটি বৈদ্যুতিক পাম্প বসান।
পানি সেচ দেওয়ার একপর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক পাম্পের তারে লিকেজ হয়ে পুরো ডোবার পানি বিদ্যুতায়িত হয়ে পড়েন। সন্ধ্যা নামলে বিষয়টি সম্পূর্ণ অজ্ঞাত থাকায় তহিদুল ইসলাম তাইজুল, তার স্ত্রী আশা খাতুন এবং শ্যালক আলম মাছ ধরার জন্য ওই ডোবার পানিতে নামেন। পানিতে নামামাত্রই তারা তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন।
গ্রামের বাসিন্দা কিরণ সালমান জানান, ঘটনার পর পরই স্বজন ও প্রতিবেশীরা ডোবা থেকে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে পথেই শেষে স্বামী-স্ত্রী দুজন মারা যান। অন্যদিকে শ্যালক আলম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আমিনুল ইসলাম/আজহার/