ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সুমন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরের দিকে উপজেলার হাসামদিয়া ও সদরদি গ্রামের কয়েকজন কিশোরের আধিপত্য বিস্তার নিয়ে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর সন্ধ্যায় সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হন সুমন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
সুমন ভাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাপুরিয়া সদরদী মিলন বাবুর্চির ছেলে।
নিহত সুমনের সঙ্গে থাকা একই গ্রামের আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম বলেন, ’সংঘর্ষে আহত সুমন নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। এ ছাড়াও কমপক্ষে ১৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়।’
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, সংঘর্ষ শুরু হলে রাত আটটার দিকে ঢাকা বরিশাল হাইওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে অসংখ্য গাড়ি আটকা পড়ে। রাত সাড়ে ৯টার দিকে পরিস্থিতির স্বাভাবিক হলে আবার যান চলাচল শুরু হয়।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, ’নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার সদরদি ও হাসামদিয়া গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হতাহাতের কোনো খবর আমরা পাইনি। আমি ফোর্সসহ ঘটনাস্থলে রয়েছি।’
এনকেবি নয়ন/খাদিজা রুমি/