রাজধানীর ডেমরা থানাধীন মাহমুদ নগরের জামিয়াতু ইব্রাহীম সাইনবোর্ড মাদরাসা থেকে মির্জা আফজালুল বাশার (২২) নামের এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছেন।
শনিবার (২৭ জুন) ভোরবেলা আনুমানিক ৫টা ২০ এর দিকে তিনি নিখোঁজ হন।
বাশারের গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ থানাধীন সিধুলী ইউনিয়নের রায়গঞ্জ বাজারের গুনের বাড়িতে। তার পিতা শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মির্জা ফজলুল ইসলাম বারী বেগ। বাশারের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। নিখোঁজের সময় তার গায়ে ছিল সাদা পাঞ্জাবি-পায়জামা।
জানা যায়, তার মা ঢাকার সিএমএইচ হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন। তিনি তার মাকে দেখার উদ্দেশ্যে মাদরাসা থেকে বের হন। কিন্তু পরে তার কোনো খোজ পাওয়া যায়নি। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থী আশারী বিনতে আশরাফের খালাতো ভাই।
বাশারের নিখোঁজের ঘটনায় তার চাচা মির্জা কুদরত-ই-খুদা বেগ ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে বলা হয়েছে, শনিবার (২৭ জুন) ভোর ৫টা ২০ এর দিকে মাদরাসা থেকে থেকে বের হন বাশার। এরপর তিনি আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বাশারের খালাতো বোন আশারী বিনতে আশরাফ বলেন, বাশার ওই মাদরাসাতে থেকেই পড়াশোনা করতেন। আমার ভাই খুবই সহজ সরল। তার মা মানে আমার খালা অনেকদিন ধরে আইসিইউতে ভর্তি আছেন। বাশার হারিয়ে যাওয়াতে আমাদের পরিবারের সদস্যরা গভীর উদ্বেগে দিন কাটাচ্ছে।
নিখোঁজের বিষয় জানতে জিডির তদন্ত কর্মকর্তা ও ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করে খবরের কাগজ। তিনি বলেন, জিডি পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি সেই মাদরাসায় খোঁজ নিতে ছুটে গিয়েছি। সেখানে গিয়ে জানতে পারি তার মা হাসপাতালে ভর্তি আছেন এবং তিনি ভোরবেলা মাদরাসা হতে বের হন। তার সঙ্গে কোনো মোবাইল ফোন নেই। এজন্য তার অবস্থান শনাক্ত করা সহজ হচ্ছে না। তাকে খুঁজে পেতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।
তার পরিবার থেকে জানানো হয়, যদি কেউ তাকে খুজে পায় তাহলে ০১৭৫৯১৩১৪৬৩ নম্বরে যোগাযোগ করতে কিংবা নিকটস্থ থানায় জানাতে।
মো. তাসনিম হক/অন্তরা/