চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঙ্গে রেস্টুরেন্টে বসে হাত ধরে খুনসুটি করার ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) মজিব আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কারণে তাকে বদলি করা হয়।
ওই অফিস আদেশ আগামী (২০ জুলাই) বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তরের কথা উল্লেখ করা হয়। অন্যথায় তিনি (২১ জুলাই) তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন বলেও উল্লেখ করা হয়।
বদলির বিষয়ে জানতে চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেনের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
পরবর্তীতে চন্দনাইশ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ইলিয়াছের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনিও কল রিসিভ করেননি।
প্রসঙ্গত, সম্প্রতি চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকার একটি রেস্টুরেন্টে পাশাপাশি বসে চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার হাত ধরে খুনসুটি করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। এরপর তাকে নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
আরিফুল ইসলাম/এসএন