বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে মুজাহিদ নামে এক দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হিজলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মুজাহিদ স্থানীয় একজন দোকানি।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের জুস কেনাবেচা নিয়ে দুইজনের মধ্যে বিরোধের সৃষ্টি হলে বাইজিদ ধারালো কাচি দিয়ে মুজাহিদের ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বাইজিদের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে আটক করে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রিফাত/আমান