আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো থেকে নারীদের লেখা সব বই সরিয়ে দিতে নির্দেশ দিয়েছে তালেবান সরকার। নতুন এ নিষেধাজ্ঞায় মানবাধিকার, যৌন হয়রানি ও নারী-সংক্রান্ত পড়াশোনার বিষয়ও পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হয়েছে।
তালেবান ঘোষিত তালিকায় ৬৮০টি বইয়ের মধ্যে ১৪০টি নারী লেখকের রচনা। নিষিদ্ধের তালিকায় রয়েছে ‘সেফটি ইন দ্য কেমিক্যাল ল্যাবরেটরি’ নামের বিজ্ঞানবিষয়ক বইও।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮টি বিষয় আর বিশ্ববিদ্যালয়ে পড়ানো যাবে না। এর মধ্যে ছয়টি সরাসরি নারীদের নিয়ে, যেমন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্য রোল অব উইমেন ইন কমিউনিকেশন ও উইমেনস সোসিওলজি। তালেবান কর্মকর্তাদের দাবি, এসব বিষয় শরিয়া ও সরকারের নীতির পরিপন্থি।
প্রাক্তন উপ-আইনমন্ত্রী ও লেখক জাকিয়া আদেলি বলেন, “নারীদের পড়াশোনার সুযোগ বন্ধ করার পর তাদের চিন্তা ও লেখালেখি দমন করাটাই স্বাভাবিক ছিল।”
শুধু নারীদের লেখা নয়, ইরানি লেখক ও প্রকাশকের ৩১০টির বেশি বইও নিষিদ্ধ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এতে উচ্চশিক্ষায় বড় শূন্যতা তৈরি হবে। কারণ আফগান বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক পাঠ্যবইয়ের সঙ্গে সংযোগ রাখতে মূলত ইরানি অনুবাদের ওপর নির্ভর করত।
তালেবানের এ নির্দেশনার ফলে আফগান নারীদের শিক্ষা ও অধিকার আরও সংকুচিত হলো বলে মনে করছেন বিশ্লেষকেরা। সূত্র: বিবিসি
মেহেদী/