রাজধানীতে বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সরকারি কাজে বাধা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের দুই মামলায় বিএনপির শীর্ষ তিন আইনজীবীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
তিন আইনজীবী হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৭ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ তিন সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
আদেশে নির্ধারিত সময়ের মধ্যে তাদের বিচারিক আদালতে হাজির হতে বলা হয়েছে। আদালত আরও বলেন, এই জামিন আদেশ অন্য আসামিদের ক্ষেত্রে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে না।
শুনানিতে জামিন আবেদনের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন আইনজীবী কায়সার কামাল, সুব্রত চৌধুরী, মো. রুহুল কুদ্দুস ও সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।
জামিন আবেদনকারীদের অন্যতম আইনজীবী সগীর হোসেন সাংবাদিকদের বলেন, সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী ও এ এম মাহবুব উদ্দিন খোকন বয়স্ক ব্যক্তি। তাদের বিরুদ্ধে মামলার এজাহারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আইনজীবী হিসেবে তাদের সুনামের দিক বিবেচনায় এই জামিন দেওয়া হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ রুমি বলেন, ‘তিন আইনজীবীকে তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেছেন হাইকোর্ট। জামিনপ্রাপ্তরা এ বিষয়ে আশ্বস্ত করেছেন।’
২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সরকারি কাজে বাধা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে ২৯ অক্টোবর রমনা মডেল থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ। পৃথক এই মামলায় আগাম জামিন চেয়ে গত ৫ নভেম্বর হাইকোর্টে আবেদন করেন বিএনপির এই তিন আইনজীবী। শুনানির সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।