বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহিদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালতে আত্মসমর্পণ করে তার আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
গত ৮ অক্টোবর গণঅধিকার পরিষদের সদস্য আবু হানিফ তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করার পর ২৮ নভেম্বরের মধ্যে আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ৫ অক্টোবর তাপসী তাবাসসুম ঊর্মি শহিদ আবু সাঈদের পাশাপাশি সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। তার ফেসবুক পোস্টে দেশের সংবিধানসম্মত সরকারপ্রধান সম্পর্কে অবমাননা করা হয়েছে এবং সরকারের পতন ঘটানোর হুমকি দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।
এদিকে, ১৪ অক্টোবর তাপসী তাবাসসুম ঊর্মিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। চিঠিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা চলছে।
তাওফিক/অমিয়/