প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে নারী-পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ প্রয়োজন। তিনি বলেন, ‘নারী-পুরুষ একসঙ্গে কাজ করলেই কেবল আমরা এগিয়ে যেতে পারব। আজকে আমরা এগিয়ে যাচ্ছি কারণ আমরা এটি (নারীদের অংশগ্রহণ) নিশ্চিত করতে পেরেছি।’
শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা ও জয়িতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা শেখ হাসিনা।
এ সময় পুরুষের পাশাপাশি সমাজে সমানভাবে অবদান রেখে দেশ গড়তে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সমাজের অর্ধেক অংশ নারীরা যদি এগিয়ে না আসে, সমাজে অবদান না রাখে, তবে সেই সমাজ কখনোই বিকাশলাভ করতে পারে না, অগ্রগামী হতে পারে না।’
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের নারীরা কখনো পিছিয়ে থাকবে না।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করেছেন উল্লেখ করে তিনি জানান, তার দল বাংলাদেশ আওয়ামী লীগই দেশের একমাত্র রাজনৈতিক দল, যারা তাদের সনদ ও নির্বাচনি ইশতেহারে নারী-পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ করেছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ে ৫ নারীর হাতে ‘শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার-২০২৩’ তুলে দিয়েছেন। ৫ জয়িতা হলেন- ময়মনসিংহের আনার কলি (অর্থনীতি), রাজশাহীর কল্যাণী মিনজি (শিক্ষা ও কর্মসংস্থান), মৌলভীবাজারের কমলী রবিদাশ (সফল মা), বরগুনার জাহানারা বেগম (দমন-পীড়ন প্রতিরোধ) ও খুলনার পাখি দত্ত হিজড়া (সামাজিক উন্নয়ন)।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেনের (রিমি) সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী নারী, সফল মা, নির্যাতনের কালো দিনগুলো মুছে ঘুরে দাঁড়ানো নারী এবং সামাজিক উন্নয়নে অবদান রাখা নারী- এই পাঁচটি ক্যাটাগরিতে জয়িতাদের সম্মাননা দিয়ে থাকে সরকার। সূত্র : ইউএনবি
ইসরাত চৈতি/সালমান/